logo

ফেসবুকে ‘গোপালগঞ্জ স্বাধীন, পিরোজপুর লোডিং’ লিখে সড়কে টায়ার জ্বালালেন ছাত্রলীগ নেতা

ফেসবুকে ‘গোপালগঞ্জ স্বাধীন, পিরোজপুর লোডিং’ লিখে সড়কে টায়ার জ্বালালেন ছাত্রলীগ নেতা
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

পিরোজপুরের জিয়ানগরে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির ‘গোপালগঞ্জ স্বাধীন, পিরোজপুর লোডিং’ লিখে ফেসবুক পোস্ট দিয়েছেন। তার নির্দেশনায় জিয়ানগর-ঢাকা সড়কে টায়ার জ্বালিয়ে লকডাউন কর্মসূচি সফল করার স্লোগান দেন কিছু নেতাকর্মী। এমন একটি ভিডিও নিজ ফেসবুক আইডিতে পোস্ট দেন ছগির।

বুধবার (১৮ নভেম্বর) সকালে আতিকুর রহমান ছগির তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। পোস্টে ছগির লিখেন, ‘গোপালগঞ্জ স্বাধীন, পিরোজপুর লোডিং?’। এ পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য করতে দেখা যায় অনেককে।

Advertisement

জানা গেছে, আজ বৃহস্পতিবার লকডাউন কর্মসূচি সফল করতে আতিকুর রহমান ছগিরের নির্দেশনায় জিয়ানগর-ঢাকা সড়কে গাছের কাটা অংশ ও ৫-৬টি টায়ার জ্বালিয়ে ছাত্রলীগের ৮-৯ জন নেতাকর্মী মুখে মাস্ক পরে স্লোগান দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আতিকুর রহমান ছগির এবং পরবর্তীতে ছগিরকে ট্যাগ করে ভিডিওটি পোস্ট করেন ছাত্রলীগ কর্মী মো. জাহিদ খান।

জিয়ানগর (ইন্দুরকানী) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। যে সড়কে টায়ার জ্বালানো হয়েছে সেটা শনাক্তের চেষ্টা চালছে। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করা হবে।