সুপারি ও কলা চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলে বেঁধে গ্রাম ঘোরালেন এলাকাবাসী

পিরোজপুরের জিয়ানগরে (ইন্দুরকানী) এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেওয়ার অভিযোগে ৭০ বছর বয়সী রুহুল আমিন মীর নামের এক মানসিকভাবে অসুস্থ বৃদ্ধকে মারধর করে শিকলে বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। এ সময় তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় ওই সুপারি ও কলা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রব। এর আগে সোমবার উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের মধ্য কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে প্রতিবেশী হাফেজ আব্দুল হালিম ও আব্দুল জব্বার হাওলাদারের বাড়ি থেকে এক ছড়া সুপারি এবং এক ফালি কলা নেন হতদরিদ্র ও মানসিকভাবে অসুস্থ রুহুল আমিন। এ ঘটনায় পরদিন সোমবার কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করা হয় এবং গলায় কলা ও সুপারি ঝুলিয়ে গ্রামে ঘোরানো হয়।
এ ঘটনার একটি ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান নেটিজেনরা।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. কাওসার আলম বলেন, তিনি পেশাদার চোর নন। তার কোনো ছেলে নেই এবং বৃদ্ধ বয়সে অভাবের তাড়নায় তিনি এমনটি করে থাকতে পারেন। তার ঘরের অবস্থাও অত্যন্ত শোচনীয়। জনপ্রতিনিধিদের উচিত ছিল তার খোঁজখবর নেওয়া ও খাবারের ব্যবস্থা করা। তা না করে পেটের দায়ে চুরি করার অপবাদে তাকে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা কাম্য নয়।
অভিযুক্ত নাসির উদ্দীন সাংবাদিকদের বলেন, রুহুল আমিন গ্রামে প্রায়ই এ ধরনের চুরির সঙ্গে জড়িত থাকেন। এলাকাবাসী তাকে কয়েকবার ধরে থানায় সোপর্দ করেছিল। আমি নিজেই তাকে থানা থেকে সুপারিশ করে ছাড়িয়ে এনেছিলাম। গতকাল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ার পর উৎসুক জনতা তাকে গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর দাবি জানালে স্থানীয়রা তা বাস্তবায়ন করে।
এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রব বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে আমার কাছে কেউ অভিযোগ নিয়ে না আসায় আমি বিষয়টি গুরুত্ব দিইনি। হতদরিদ্র হওয়ার কারণে তিনি মাঝেমধ্যে এমন কাজ করেন। কিন্তু আমরা কীভাবে তাকে সহযোগিতা করব? বছরজুড়ে তো আমরা মাত্র দুবার ১০ কেজি করে চাল পাই।
ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। তিনি মাঝেমধ্যে না বলে মানুষের কলা, কচু ও সুপারি নিয়ে যান। তবে সামান্য এই অপরাধে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই ঠিক হয়নি। ঘটনা শোনার পর আমি তার বাড়িতে কিছু খাবার পাঠিয়ে দিয়েছি এবং ভবিষ্যতেও তাকে সাহায্য করা হবে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিওটি ফেসবুকে আমার নজরে এসেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





