logo
Advertisement

গ্রামের বাড়িতে পৌঁছাল লেবাননে নিহত শুভর মরদেহ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,সাতক্ষীরা
গ্রামের বাড়িতে পৌঁছাল লেবাননে নিহত শুভর মরদেহ
অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে কফিনবন্দী মরদেহ। রোববার সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামে। ছবি: এশিয়া পোস্ট

ইসরাইলের ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের প্রবাসী শুভ দাসের মরদেহ বাড়িতে পৌঁছেছে। প্রায় চার মাস পর মরদেহ ফিরে আসায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শুভ দাসের মরদেহ শ্রীপতিপুর গ্রামের বাড়িতে পৌঁছায়।

মরদেহ বাড়িতে আনার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশী ও এলাকাবাসী শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ইসরাইলের ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। মৃত্যুর তিন মাস ২৫ দিন পর তার মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

তিন ভাই ও এক বোনের মধ্যে শুভ ছিলেন দ্বিতীয়। দরিদ্র পরিবারের সন্তান শুভ সংসারের অভাব দূর করার আশায় দুই শতক বসতভিটা বিক্রি করে আড়াই বছর আগে লেবাননে পাড়ি জমান। কিন্তু পরিবারের স্বপ্ন পূরণ না করে শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরতে হলো তাকে। রোববার দুপুরে নিজ গ্রামেই তার দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় শুভসহ সাতক্ষীরা জেলার তিনজন প্রবাসী মারা গেছেন। শুভর আগে আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম ও সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম একই ধরনের হামলায় নিহত হন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে শুভর পরিবারের হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। চলতি মাসে আরও তিন লাখ টাকা এবং পরে জীবন বীমার আওতায় অতিরিক্ত আর্থিক অনুদান দেওয়া হবে।