সৌদিতে আগুনে একসঙ্গে মৃত্যু, নওগাঁয় একসঙ্গে সাত প্রবাসীর জানাজা

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে নিহত সাতজন প্রবাসীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়ালে কলেজে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জেলা উপজেলা ইউনিয়ন থেকে বিপুল মানুষ অংশ নেন। জানাজা শেষে উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয়।
এর আগে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো আত্রাই উপজেলায় এসে পৌঁছায়।
ওই দিন বিকেল চারটার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে।
নিহত সাতজন হলেন, আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং উপজেলার পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহগুলো বিনা খরচে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মরদেহ এসেছে।
ইউএনও আরও বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতটি মরদেহের একত্রে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।



