বসতঘর দখলে নিয়ে দুই সন্তানসহ গৃহবধূকে উচ্ছেদ, অন্যের রান্নাঘরে আশ্রয়

চাঁদপুরের শাহরাস্তিতে জমি-সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারধর ও বসতঘর থেকে উচ্ছেদের অভিযোগ তুলেছেন কুলসুম বেগম নামে এক বিধবা নারী। এ ঘটনায় নিজের ভাসুর শাহাব উদ্দিনের বিরুদ্ধে গত ২১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুলসুম বেগম শাহরাস্তি উপজেলার ১৮ নম্বর চিতোষী ইউনিয়নের সামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী প্রয়াত আলা উদ্দিন জীবদ্দশায় ব্যবসা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে তার স্বামীর মৃত্যুর পর সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
কুলসুম বেগমের অভিযোগ, স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে যখন তিনি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই স্বামীর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে হয়রানি শুরু করা হয়। এমনকি তাকে মারধর ও বসতঘর থেকে উচ্ছেদ করা হয়েছে।
কুলসুম বেগম আরও বলেন, বিষয়টির সমাধান চাইলে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানা কারণে সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এ পরিস্থিতিতে তিনি ও তার সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানতে চাইলে কুলসুম বেগম এশিয়া পোস্টকে বলেন, স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটছে আমার। এ অবস্থায় আমাকে দুই সন্তানসহ ঘর থেকে বের করে দেয়। এখন নিজের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে ভাবছি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও সহযোগিতা চাই।
বর্তমানে কোথায় আছেন জানতে চাইলে তিনি জানান, একই বাড়িতে নজরুল ইসলামের রান্নাঘরে দুই সন্তানকে নিয়ে থাকছি। সন্তানদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তিনি।
তিনি জানান, তার দুই সন্তানের মধ্যে মেয়ে খেড়িহর উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। আর ছেলে পাশের গ্রাম মনোহরপুর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পড়ে।
এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহাব উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, আমি এখন গাড়িতে আছি, এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।
বিষয়টি জানার জন্য চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হয়। তবে তারা ফোন না ধরায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ নিয়ে জানতে চাইলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এশিয়া পোস্টকে বলেন, এ বিষয়ে চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিষয়টি সমাধানের জন্য দুপক্ষ বসেছিল। তবে সমাধান হয়নি।
তিনি আরও বলেন, আজ বুধবার (২৮ অক্টোবর) আমার কার্যালয়ে দুপক্ষকে ডাকা হয়েছে। শুনানির পর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

