সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ আটক ৩

সুন্দরবনে বনদস্যু ‘করিম শরীফ বাহিনীর’ সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। এ সময় অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জামসহ তিন দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৫ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল এলাকায় অবস্থান করছে - এমন গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়।
গোলাগুলির একপর্যায়ে ধাওয়া দিয়ে দস্যু বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল, ৪৯টি গুলি, ১৮৭টি এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন, মেহেদী হাসান, রমজান শরীফ ও এনায়েত। এর মধ্যে মেহেদী হাসান ও রমজান শরীফ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা এবং এনায়েত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা।
সাব্বির আলম সুজন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)


