logo
Advertisement

বগুড়ায় কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে যুবদল নেতার তাণ্ডব

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
শেরপুর, বগুড়া
বগুড়ায় কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে যুবদল নেতার তাণ্ডব
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার সিসিটিভি ফুটেজ ও যুবদল নেতা তরিকুল ইসলাম সম্রাট। ছবি : সিসিটিভি ফুটেজ

বগুড়ার শেরপুরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ৫০ থেকে ৬০ জনের একটি দল ঢুকে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতা তরিকুল ইসলাম সম্রাটের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সম্রাটকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল্লাহ আল রাফাত।

এজাহার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরপুর পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সম্রাট সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কার্যালয়ে গিয়ে কর্মচারীদের হুমকি দেন। এ সময় তাদের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক ও প্রবাসী আব্দুল মান্নানের কাছে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। চাঁদা না দিলে প্রতিষ্ঠানের জায়গা দখল এবং শেরপুরে ব্যবসা করতে না দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সম্রাটের প্রত্যক্ষ মদদে ৫০ থেকে ৬০ জন ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে হামলা চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। তারা কর্মচারীদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নান ও তার সন্তানদের খুঁজতে থাকে। একপর্যায়ে দোকানের শাটার নামিয়ে দিয়ে তারা চলে যায় বলে অভিযোগ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে কয়েকজনকে প্রতিষ্ঠানের ভেতরে কর্মচারীদের সঙ্গে কথা বলতে ও তাদের শাসাতে দেখা যায় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এ সময় টেবিলে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে এজাহারে।

অভিযোগকারী আব্দুল্লাহ আল রাফাত শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, আমাদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটবে, তা কখনো ভাবিনি। চাঁদা না দেওয়ায় সম্রাটের লোকজন দিয়ে হামলা চালানো হয়েছে।

রাফাতের অভিযোগ, যুবদলের নাম ব্যবহার করে সম্রাট সরকারি অধিগ্রহণ করা জায়গা দখল করে ভাড়া-বাণিজ্য চালাচ্ছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপও কামনা করেন তিনি। তার বাবা আব্দুল মান্নান একজন ব্যবসায়ী ও প্রবাসী। পরিবারের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় তারা আতঙ্কিত।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তরিকুল ইসলাম সম্রাটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৃহস্পতিবার রাতেই এ ঘটনায় একটি এজাহার পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।