চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও শিবগঞ্জ থানা পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ রঘুনাথপুর বিওপির একটি টহল দল এই অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান চালানো হয়।
সেখানে স্থানীয় বাসিন্দা মো. কালামের বাড়ির সামনের একটি খড়ের স্তূপের নিচে কালো বালতির ভেতর ককটেলসদৃশ বস্তু দেখতে পায় বিজিবি। তাৎক্ষণিক স্থানটি ঘিরে রেখে শিবগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পরে বিজিবি ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে ১৯টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে এদিন দুপুর আড়াইটার দিকে উদ্ধার করা ককটেল শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন।
