logo

সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫
সাগরে বজ্রপাতে এক জেলের মৃত্যুর পর ট্রলার নিয়ে কূলে ফিরে আসেন সহকর্মীরা। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজারের টেকনাফসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও পাঁচ জেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন সেন্টমার্টিন এলাকার বাসিন্দা মোহাম্মদ বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।

আহতরা হলেন আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তারা সবাই টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।

নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে টেকনাফ সদরের উত্তর লম্বরী নৌকাঘাট থেকে ট্রলারে করে তারা ছয়জন জেলে সাগরে মাছ ধরতে যান। মঙ্গলবার ভোররাতে সাগরে জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বজ্রপাত তাদের ট্রলারে আঘাত করলে মোহাম্মদ হোসেনসহ ছয়জনই গুরুতর আহত হন। পরে ট্রলারটি তীরে ফিরিয়ে এনে আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন জানান, সকালে সাগরে বজ্রপাতে আহত অবস্থায় ছয় জেলেকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়। আহত বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, এক জেলে সাগরে বজ্রপাতে নিহত হয়েছেন। নিহতের স্বজনেরা টেকনাফে আসছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তারা।