হামহাম জলপ্রপাত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হামহাম জলপ্রপাতের মোকামটিলা এলাকায় ছড়ার পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয় মাছ শিকারীরা। তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি যৌথ দল দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। দুর্গম পথ পাড়ি দিয়ে শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় অভিযান পরিচালনকারী দল।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির তালুকদার বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি, দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।



