logo
ময়মনসিংহে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন

পুলিশের আশ্বাসে সাত ঘণ্টা পর জুলাই যোদ্ধাদের অনশন প্রত্যাহার

পুলিশের আশ্বাসে সাত ঘণ্টা পর জুলাই যোদ্ধাদের অনশন প্রত্যাহার
পুলিশের আশ্বাসে সাত ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেন জুলাই যোদ্ধারা। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রেদোয়ান হোসেন সাগর স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাসে সাত ঘণ্টা পর আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসে অনশন প্রত্যাহার করেন জুলাই যোদ্ধারা। এর আগে এদিন সকাল ৯টা থেকে শহরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে সাগর স্মৃতিস্তম্ভের সামনে আমরণ অনশন শুরু হয়।

অনশনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক ও সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলার আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব মাজাহারুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব খলিলুর রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সমন্বয়ক ও সদস্য সচিব আলী হোসেন বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। পুলিশের আশ্বাসে আপাতত অনশন প্রত্যাহার করেছি। তবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে আমরা আন্দোলন করতে বাধ্য হবো।

পুলিশ জানায়, রোববার রাত দেড়টার দিকে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা একদল দুর্বৃত্ত শহীদ সাগর চত্বরে স্মৃতিস্তম্ভে একটি টায়ার রেখে আগুন ধরিয়ে দেয়। আগুন ও কালিতে সাগরের প্রতিকৃতি কালো হয়ে যায়। পরে ঘটনাটি পুলিশ জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তাকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরাও।

এদিকে এ ঘটনায় সকালে জুলাই যোদ্ধারা জড়িতদের গ্রেপ্তার দাবিতে অনশন শুরু করেন। অনশনকারীদের ফেস্টুনে লেখা ছিল ‘অনশন, সাগর চত্বরে আগুন কেন, প্রশাসন জবাব চাই।’ এ সময় ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘একশান একশান ডাইরেক্ট একশান’সহ অনশনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

শহীদ রেদোয়ান হোসেন সাগর ময়মনসিংহ নগরের চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান মিয়ার ছেলে। সে জেলার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল।

জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই নগরীর সি কে ঘোষ রোড ছায়াবাণী সিনেমা হলের সামনে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় আওয়ামী লীগ ও পুলিশ গুলি ছোড়ে। এতে রেদোয়ান হাসান সাগরকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের পতন হলে শহরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে সাগর চত্বর গড়ে তোলা হয়। প্রতিবছর এখনে শহীদ সাগরকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এশিয়া পোস্টকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হবে। ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।