ময়লার স্তূপে কুকুর টানছিল নবজাতকের মরদেহ

ফরিদপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির গর্ভকালীন বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় মাস হবে বলে ধারণা পুলিশের।
সোমবার (১৫ জুন) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকসংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে কলেজের প্রধান ফটকের পাশের একটি ময়লার স্তূপে একদল কুকুরকে একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে তারা দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের মরদেহ কামড়ে খাওয়ার চেষ্টা করছে।
এই দৃশ্য দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে তারা নবজাতকের বিষয়টি নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের প্রাথমিক ধারণা, অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে কেউ রাতের আঁধারে নবজাতকের মরদেহ ময়লার স্তূপে ফেলে রেখে যাওয়া হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল বাশার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা নবজাতকের মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত করিয়ে রাতের আঁধারে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটির দাফন সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে।



