logo
Advertisement

গাজীপুরে লাগেজ-বস্তায় মিলল নারীর দ্বিখণ্ডিত মরদেহ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
গাজীপুর সদর, গাজীপুর
গাজীপুরে লাগেজ-বস্তায় মিলল নারীর দ্বিখণ্ডিত মরদেহ
হামজা অ্যাপারেলস লিমিটেডের পাশে একটি ব্রিজের নিচে পানিতে ভাসছিল লাগেজ। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুরে একটি লাগেজ ও পাশের খালের পানিতে ভাসতে থাকা বস্তা থেকে অজ্ঞাত এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্জন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামজা অ্যাপারেলস লিমিটেডের পাশে একটি ব্রিজের নিচে সরু খালের পানিতে লাগেজ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে। লাগেজ খুলে নারীর মরদেহের নিচের অংশ পাওয়া যায়। এরপর পুলিশ আশপাশে তল্লাশি চালালে পানিতে আরও একটি বস্তা ভাসতে দেখা যায়। বস্তাটি উদ্ধার করে খুললে এর ভেতর থেকে মরদেহের বাকি অংশ—মাথাসহ শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, প্রথমে খালের পানিতে লাগেজটি ভাসতে দেখে তারা কাছে যান। পরে লাগেজের ভেতর মানুষের পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পাশের পানিতে ভাসতে থাকা বস্তাটিও উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, নারীর মরদেহটি খণ্ডিত করে পৃথকভাবে লাগেজ ও বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়েছিল।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন জানান, উদ্ধার করা মরদেহের বিভিন্ন অংশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত করা হচ্ছে।