গৌরনদীতে ফের সশস্ত্র ডাকাতি, শিক্ষক ও ছেলেকে বেঁধে লুটপাট

বরিশালের গৌরনদীতে তিন দিনের ব্যবধানে এবার এক শিক্ষকের বাড়িতে গভীর রাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহকর্তা ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি ও হাত-পা বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল সীমান্ত এলাকায় কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ও স্থানীয় আল-হেলাল একাডেমির শিক্ষক আনোয়ার হোসেন বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক আনোয়ার হোসেন জানান, গভীর রাতে পাঁচ থেকে ছয়জনের একটি সশস্ত্র ডাকাত দল তার বসতঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। ডাকাতেরা তাৎক্ষণিক তাকে ও তার ছেলেকে ধারাল অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর তারা পুরো ঘরে তল্লাশি চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে যায়। স্থান ত্যাগ করার সময় ডাকাত দল তাদের ব্যবহৃত মোবাইল ফোনের সিমগুলো খুলে রেখে হ্যান্ডসেটগুলো নিয়ে যায়। ঘটনার পর মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে, গত ১৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদিপ্রবাসী খোকন হালদারের বাড়িতে একই কায়দায় ডাকাতি ঘটে। সেদিন প্রবাসীর স্ত্রী ও মেয়ের গলায় রামদা ধরে জিম্মি করে লুটপাট চালায় দুষ্কৃতকারীরা। তিন দিনের ব্যবধানে একই এলাকায় দুই বাড়িতে একই স্টাইলে ডাকাতি হওয়ায় স্থানীয় অধিবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত, গ্রেপ্তার ও পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।



