একই সময়ে ২ প্রতিষ্ঠান থেকে বেতন নেওয়ার অভিযোগ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে

পিরোজপুরের জিয়ানগর উপজেলার এফ করিম আলিম মাদ্রাসার আরবি প্রভাষক সরোয়ার হোসাইনের বিরুদ্ধে একই সময়ে দুটি এমপিওভুক্ত মাদ্রাসা থেকে বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।
একটি প্রতিষ্ঠানে আরবি প্রভাষক এবং অন্যটিতে ইবতেদায়ি জুনিয়র মৌলভী পদে কর্মরত দেখিয়ে তিনি সরকারি অর্থ উত্তোলন করেছেন বলে সংশ্লিষ্ট নথিপত্রে প্রমাণ মিলেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর অনিয়মের প্রায় আড়াই লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক।
এদিকে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা বিভাগ।
অনুসন্ধানে জানা গেছে, সরোয়ার হোসাইন জিয়ানগরের এফ করিম আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক পদে কর্মরত, যার শিক্ষক ইনডেক্স নম্বর এম-০০০১৩০০।
এর আগে ২০০৩ সালের ২৭ জানুয়ারি থেকে তিনি পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসায় ইবতেদায়ি জুনিয়র মৌলভী পদে শিক্ষকতা শুরু করেন। ওই প্রতিষ্ঠানে তার শিক্ষক ইনডেক্স নম্বর ২০০৭৭৬৬ এবং মাদ্রাসাটি ২০০৪ সালের ১ মে এমপিওভুক্ত হয়।
নথিপত্র অনুযায়ী, আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসা থেকে ২০২০ সালের ৩১ মে সুপারিনটেনডেন্ট বরাবর পদত্যাগপত্র জমা দেন সরোয়ার হোসাইন। ওই দিনই পদত্যাগপত্রটি গ্রহণ করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. শাহাদাৎ হোসাইন এবং পরবর্তী সময়ে ৭ জুন তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদারও তা অনুমোদন করেন।
অন্যদিকে, এফ করিম আলিম মাদ্রাসা ২০১৯ সালের আগস্ট মাসে এমপিওভুক্ত ঘোষিত হয় এবং প্রতিষ্ঠানটির শিক্ষকরা একই বছরের জুলাই মাস থেকে শুরু করে ২০২০ সালের মে মাস পর্যন্ত বকেয়াসহ বেতন-ভাতা পান।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই প্রতিষ্ঠানে এমপিওভুক্তির পর এক বছরের বেতন-ভাতা বাবদ ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা উত্তোলন করেন সরোয়ার হোসাইন। অথচ একই সময়ে অর্থাৎ ২০২০ সালের ৩১ মে পর্যন্ত তিনি আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসা থেকেও নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করেছেন।
একই সময়ে দুটি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি ও বেতন উত্তোলনের বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষামহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এছাড়া সরোয়ার হোসাইনের এনটিআরসিএ সনদের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগের বিষয়ে সরোয়ার হোসাইন সাংবাদিকদের বলেন, ‘এফ করিম আলিম মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ার আগে আমি আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসায় ক্লাস করিয়েছি। আলিম মাদ্রাসায় বেতন চালু হলে আগের প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে এখানে পুরোপুরি যোগ দিই।’
তবে একই সময়ে দুটি প্রতিষ্ঠানের হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে এফ করিম আলিম মাদ্রাসা থেকে উত্তোলন করা বেতনের টাকা ফেরত দেওয়ার কথা জানান তিনি।
জিয়ানগর এফ করিম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইকবাল হোসাইন বলেন, ‘২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি সরোয়ার হোসাইন আমাদের প্রতিষ্ঠানে যোগ দেন। একই বছরের অক্টোবরে মাদ্রাসাটি এমপিওভুক্ত হলে তিনি নিয়মিত ক্লাস করাতেন, এর আগে মাঝেমধ্যে ক্লাস নিতেন।’
দুই প্রতিষ্ঠানে চাকরি করার বিষয়টি কিছুদিন আগে জানতে পেরেছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে ওই শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি আগের প্রতিষ্ঠানের বেতন ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে এখনো টাকা জমা দিয়েছেন কি না, তা নিশ্চিত নন। বিষয়টি নিয়ে মাদ্রাসার গভর্নিং বডি সিদ্ধান্ত নেবে।’
এনটিআরসিএ সনদ যাচাইয়ের বিষয়ে ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট বলেন, ‘বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এবং এ নিয়ে কমিটির সভাও হয়েছে। মাদ্রাসার সব শিক্ষকের এনটিআরসিএ সনদ যাচাই করা হবে।’
মোড়েলগঞ্জের আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. শাহাদাৎ হোসাইন বলেন, ‘সরোয়ার হোসাইন ২০০৩ সালের ২৭ জানুয়ারি আমাদের প্রতিষ্ঠানে ইবতেদায়ি জুনিয়র মৌলভী পদে যোগদান করেন। ২০২০ সালের ৩১ মে তিনি পদত্যাগপত্র জমা দেন। তখন আমরা জানতে পারি, অন্য একটি প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে তার চাকরি হয়েছে। পদত্যাগের দিন পর্যন্ত তিনি এই মাদ্রাসা থেকে বেতন-ভাতা গ্রহণ করেছেন।’
পিরোজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, ‘একই সময়ে একজন ব্যক্তির দুটি এমপিওভুক্ত বা সরকারি সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানে চাকরি করার কোনো সুযোগ নেই। কর্তৃপক্ষ নির্দেশ দিলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তদন্ত করা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’








