logo
Advertisement

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বগুড়ার শেরপুরে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ার শেরপুরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি ও বিক্রি, পণ্যে লেবেল ব্যবহার না করা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের আগামী সাত দিনের মধ্যে চিহ্নিত অনিয়ম সংশোধন ও প্রয়োজনীয় লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান। এ সময় সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।

অভিযানকালে ধুনট মোড় এলাকার হোটেল আখিমনি ও মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্র জানায়, এসব প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি ও বিক্রি হচ্ছিল। পাশাপাশি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ও লেবেলহীন দই বাজারজাতকরণের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট আইনে পাঁচটি মামলা করা হয় এবং আদায় করা হয় জরিমানার অর্থ।