Advertisement

হাসপাতাল থেকে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
হাসপাতাল থেকে ডেকে নিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২
আটক মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক। ছবি : এশিয়া পোস্ট

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ৬০ বছর বয়সি এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে তাকে ভর্তি রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্তে নামে।

আটকরা হলেন—ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামের মোবারক আলী সিকদারের ছেলে মো. বেলাল সিকদার এবং বাসণ্ডা ইউনিয়নের বিকনা গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে মো. নাসির মল্লিক।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী আগে থেকে হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে ভর্তি নেওয়া হয়েছে। এ ছাড়া তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :