আ.লীগের নাশকতা প্রতিরোধে সরকার ও জনগণ প্রস্তুত: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার জবাব দিতে সরকার ও জনগণ প্রস্তুত। প্রয়োজনে তাদের ভাষা তাদেরই বুঝিয়ে দেওয়া হবে। তবে তা হবে আইন ও গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই। তারা যদি মনে করে, সন্ত্রাস ও নাশকতা চালিয়ে জনগণকে জিম্মি করবে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবে, তাহলে তারা ভুল করছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নতুন বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রিন্স বলেন, পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির জবাব রাজনৈতিকভাবে এবং আইনের সর্বোচ্চ কঠোর প্রয়োগের মাধ্যমে দেওয়া হবে। গণতন্ত্রের সুযোগ নিয়ে কাউকে গণতন্ত্র ধ্বংস করতে দেওয়া হবে না। জনগণের জানমাল ও রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না।
তিনি জনগণ ও বিএনপির নেতাকর্মীদের প্রতি ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠীর দেশবিরোধী অপতৎপরতা জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রিন্স বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন। তারা আবারও বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চান। কিন্তু যে জাতি বারবার রক্ত দিয়ে গোলামির জিঞ্জির ভেঙেছে, সেই জাতি আর কখনো ঘসেটি বেগমদের চক্রান্তে বিদেশি শক্তির আধিপত্য কিংবা পরাধীনতার শৃঙ্খল মেনে নেবে না।
তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকতেও তারা (আওয়ামী লীগ সরকার) মানুষ হত্যা করেছে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরও হত্যা, সন্ত্রাস, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপরাধের কোনো ক্ষমা হতে পারে না। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে।
তিনি আরও বলেন, গত কয়েক দিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে আরও সংকটাপন্ন করেছে। সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
এ সময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ ও মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, হুমায়ুন কবির ও মনিরুজ্জামান স্বাধীনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি হালুয়াঘাট পৌর শহর, সদর ইউনিয়নের শাপলা বাজার, কদমতলী বাজারসহ সীমান্তসংলগ্ন এলাকা, গাঙীনা, দর্শা, ইটাখোলা, নগুয়া, ধারা বজায়, নাগলা বাজার ও সরচাপুরসহ প্রায় ৩৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।



-e20316-720x405.webp)
