logo

সাত কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও ঠাঁই হয়নি কোনো প্রবীণের

সাত কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও ঠাঁই হয়নি কোনো প্রবীণের
শান্তি নিবাস, ময়মনসিংহ। ছবি: এশিয়া পোস্ট

বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ ও অবহেলিত প্রবীণদের নিরাপদ আশ্রয়ের জন্য ময়মনসিংহের শম্ভুগঞ্জে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল তিনতলা ‘শান্তি নিবাস’। কিন্তু উদ্বোধনের পর তিন বছর পেরিয়ে গেলেও ভবনটিতে এখনও পা পড়েনি কোনো প্রবীণের। পরিচর্যা ও জনবলের অভাবে ভবনে জমেছে ধুলার আস্তরণ, বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে দামি আসবাবপত্র আর বকেয়া বিলের কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘আটটি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাস স্থাপন’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়। ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত প্রকল্পটির মোট ব্যয় ছিল ৭৩ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকা। এর মধ্যে ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জে সরকারি শিশু পরিবার (বালক) চত্বরে ‘শান্তি নিবাস’ নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা।

Advertisement

২০২২ সালের ২০ সেপ্টেম্বর ভবনটির নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষে ২০২৩ সালের ১৪ নভেম্বর তৎকালীন সরকারপ্রধান এর উদ্বোধন করেন। কোহিনূর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করে। নির্মাণের পাশাপাশি প্রবীণদের থাকার উপযোগী আসবাবপত্র, চিকিৎসাসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হয়। কিন্তু উদ্বোধনের পর থেকে কার্যত অচল হয়ে আছে প্রতিষ্ঠানটি।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির প্রতিটি তলার কক্ষই তালাবদ্ধ। অথচ প্রবীণদের সেবায় নিচতলায় রাখা হয়েছে চিকিৎসকের কক্ষ, চিকিৎসাসামগ্রী সংরক্ষণের ঘর, শরীরচর্চার কক্ষ, খাবার ঘর, রান্নাঘর ও অতিথিদের থাকার ব্যবস্থা। আর দ্বিতীয় ও তৃতীয় তলায় প্রবীণদের আবাসনের জন্য সাজিয়ে রাখা হয়েছে বিছানা ও প্রয়োজনীয় আসবাবপত্র। কিন্তু এসব আয়োজনের কোনোটিই এখন কাজে আসছে না। কোথাও চিকিৎসার সরঞ্জাম পড়ে আছে বাক্সবন্দী, কোথাও ধুলায় ঢেকে পড়ে রয়েছে ব্যায়ামের আধুনিক যন্ত্রপাতি। দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় ভবনের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জামের ওপর জমেছে ধুলার পুরু স্তর।

এছাড়া ভবনের কয়েকটি কক্ষের ছাদ এবং বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টির পানি ঢুকে মেঝেতে জমে থাকতে দেখা গেছে। পানি থেকে আসবাবপত্র রক্ষা করতে কোনো কোনো কক্ষে খাটের ওপর তুলে রাখা হয়েছে টেবিল ও আলমারি। সংশ্লিষ্টদের ভাষ্য, ভবনের পানি নিষ্কাশনের সরু পাইপ ময়লা-আবর্জনা ও গাছের পাতায় আটকে যাওয়ায় বৃষ্টির পানি ঠিকমতো বের হতে পারছে না। ফলে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ভবনটির অবকাঠামো ও আসবাবপত্রও ক্রমেই ক্ষতির মুখে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শান্তি নিবাস নির্মাণের সময় তারা আশাবাদী হয়েছিলেন। এলাকার অসহায় বৃদ্ধদের অন্তত একটি নিরাপদ আশ্রয় হবে, চিকিৎসা ও খাবারের নিশ্চয়তা মিলবে। কিন্তু এত দিনেও প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ফজলুল হক বলেন, আমাদের আশপাশে এমন কয়েকজন বৃদ্ধ মানুষ আছেন, যাদের দেখার কেউ নেই। কেউ সন্তানদের কাছে অবহেলিত, কেউ অর্থাভাবে ঠিকমতো খেতে পারেন না। তাদের জন্য এত সুন্দর একটি ভবন তৈরি হয়েছে, অথচ সেখানে কেউ থাকতে পারছেন না। এটা খুবই দুঃখজনক।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

শুধু ভবন নির্মাণ ও উদ্বোধন করলেই জনকল্যাণমূলক উদ্যোগের সাফল্য আসে না মন্তব্য করে আরেক স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ভবনটি চালু না হওয়ায় সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সমাজের একটি অসহায় জনগোষ্ঠী তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

সরকারি শিশু পরিবারের বড় ভাইয়া পদে কর্মরত মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নির্মাণের পর থেকেই ভবনটি অব্যবহৃত পড়ে আছে। বৃষ্টির পানি জমে ও কক্ষে ঢুকে আসবাবপত্র নষ্ট হচ্ছে। অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ শেষ হয়েছে, চালু হয়নি প্রবীণদের জন্য স্থাপিত লিফটও। এর মধ্যে প্রায় আড়াই লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে প্রবীণদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্মিত ভবনটির মৌলিক ব্যবস্থাপনাই এখন অচল।

সরকারি শিশু পরিবারের কারিগরি প্রশিক্ষক মো. মোসলেম মিয়া বলেন, প্রবীণদের জন্য ভবনটিতে পাঁচ তারকা হোটেলের আদলে দামি আসবাবপত্র, লিফট, চিকিৎসাসরঞ্জাম ও শরীরচর্চার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু অব্যবহৃত পড়ে থাকায় বিছানাপত্র, মশারি, কাপড়চোপড়সহ নানা সামগ্রী নষ্ট হচ্ছে। দ্রুত চালু না হলে এসব সরঞ্জামের বড় অংশই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগরের সম্পাদক আলী ইউসুফ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রবীণদের জন্য এত বড় আয়োজন চালু না হওয়ায় একদিকে অসহায় মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। দ্রুত শান্তি নিবাস চালুর পাশাপাশি দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা প্রয়োজন। আমাদের চাওয়া, কোনো বৃদ্ধ মানুষ যেন শেষ বয়সে রাস্তায় পড়ে অবহেলা-অনাদরে মারা না যান।

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি এএইচএম খালেকুজ্জামান বলেন, সরকারি অর্থে নির্মিত একটি ভবনের দরজা খুলে দেওয়া মানেই প্রকল্পের কাজ শেষ হওয়া নয়। এর প্রকৃত সার্থকতা তখনই, যখন নির্ধারিত মানুষ সেবা পাবেন। ময়মনসিংহের শান্তি নিবাসের সামনে এখন তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু তালা খোলা নয়, বরং প্রবীণদের জন্য পরিকল্পিত সেবাব্যবস্থা কার্যকর করা এবং ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত সরকারি সম্পদ রক্ষা করা।

এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. রাজু আহমেদ বলেন, অবকাঠামো নির্মাণ শেষ হলেও প্রয়োজনীয় জনবল ও পরিচালনা বরাদ্দ না থাকায় শান্তি নিবাস চালু করা যায়নি। জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। এখানে প্রবীণদের থাকা-খাওয়া, চিকিৎসা ও ব্যায়ামের ব্যবস্থা থাকবে। সম্প্রতি সমাজকল্যাণমন্ত্রী প্রতিষ্ঠানটি পরিদর্শন করে দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠান চালু হলে নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে অব্যবহৃত সরঞ্জাম নষ্ট হওয়ার সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

আকরাম হোসেন

সম্পাদনা

আকরাম হোসেন

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট