জমি নিয়ে বিরোধের জেরে ছেলের মারধরে মায়ের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছেলের মারধরে মিনারা বেগম (৬৫) নামে মা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার পৌর শহরের কাকনহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম একই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রয়াত শিহাব উদ্দিনের স্ত্রী। নিহতের ছেলে অভিযুক্ত নাম কামরুল হাসান (৪০)। তিনি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করেন। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে শিহাব উদ্দিন তার মেয়ে শাহানারা বেগম চায়নাকে ৫০ শতক এবং স্ত্রী মিনারা বেগমকে ৩০ শতক জমি লিখে দেন। এতে ক্ষুব্ধ হন তার ছেলে কামরুল ও ছেলের বউ নিলুফা বেগম। এ নিয়ে কামরুল মায়ের সঙ্গে প্রায়ই কথা-কাটাকাটি ও মারধর করতেন।
গত সোমবার সন্ধ্যায় জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কামরুল তার মা মিনারা বেগমকে কিল-ঘুষি মারেন এবং মা ও বোনকে ঘরে অবরুদ্ধ করে রাখেন। পরে মিনারা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার ভাই আলামিন এসে তাদের উদ্ধার করেন।
রাত ১২টার দিকে মিনারা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার ভোর ৫টার দিকে তার অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না বলেন, জমি লিখে দেওয়ায় কারণেই বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই আমার ভাই আমার মাকে হত্যা করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

