চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে দর্শনা পৌর এলাকায় ওই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, দুপুরে দর্শনা পৌর এলাকায় তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করায় মেসার্স রিয়াদ হোটেলকে ২৫ হাজার টাকা ও মেসার্স হ্যাপি স্টোরকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মেসার্স মীম মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যদের একটি দল।

