logo
Advertisement

পিরোজপুরে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, ৬ জন গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,পিরোজপুর
পিরোজপুরে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, ৬ জন গ্রেপ্তার
গ্রেপ্তার দুই আসামি। ছবি : এশিয়া পোাস্ট

পিরোজপুরের নাজিরপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে এক মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত এবং চারজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও সাজা প্রদান করা হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামের নির্দেশনায় পুলিশ ও উপজেলা প্রশাসন এই সমন্বিত অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) সালিহিনের নেতৃত্বে একদল পুলিশ ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন রিভারভিউ রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ৫২ পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটক সাগর উপজেলার চাপাখালী গ্রামের বিকাশ বাইনের ছেলে। তার বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই দিন ভোরে উপজেলার মাটিভাঙ্গা এলাকা থেকে গোলক বৈদ্ধ (৪০) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশ। পরে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা প্রদান করেন।

এ ছাড়া উপজেলার গাওখালী গ্রাম থেকে বিভিন্ন সিআর/জিআর মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তপন হালদার, রবীন্দ্র নাথ হালদার, রিপন হালদার ও অনুপ হালদার।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এলাকাকে মাদকমুক্ত করা ও আইনশৃঙ্খলা সুরক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।