সাংবাদিক আলিফ হত্যা/মূল শুটার সন্দেহে তাইজুলকে সামনে রেখে তদন্ত

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহতের ঘটনায় সন্দেহভাজন মূল শুটার তাইজুলকে সামনে রেখে তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ। এ ঘটনায় তার ব্যবহৃত অস্ত্র রক্ষণাবেক্ষণের অভিযোগে অপূর্ব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. জাহিদুল হাসান।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জামালপুরের দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, একটি হত্যাকাণ্ড সংঘটিত হলেই দায়িত্বরত পুলিশ সদস্যগণ এর কারণ উদ্ঘাটনের চেষ্টা করেন। আমরা বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছি এবং আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। যাকে আমরা মূল শুটার তাইজুল হিসেবে সন্দেহ করে তদন্ত এগোচ্ছি, তার অস্ত্র রক্ষণাবেক্ষণকারী অপূর্বকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি খুব দ্রুতই হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন করতে পারব।
দুর্গাপূজার নিরাপত্তার বিষয়ে ডিআইজি জানান, জামালপুর জেলায় মোট ২২৭টি পূজামণ্ডপ রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জের চার জেলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার প্রতিটি আয়োজন যেন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা মাঠে রয়েছেন। এবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন সম্ভব হবে এবং প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত পুলিশ সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
