logo

‘শেখ হাসিনা আসবে’ পোস্টার ছাপানোর সময় আ.লীগ নেত্রীসহ গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
‘শেখ হাসিনা আসবে’ পোস্টার ছাপানোর সময় আ.লীগ নেত্রীসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার সুমি আক্তার ও উজ্জ্বল বড়ুয়া। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

চট্টগ্রামের ফটিকছড়ি সদরে ‘শেখ হাসিনা আসবে’ শীর্ষক পোস্টার ও লিফলেট ছাপানোর সময় আওয়ামী লীগ নেত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন একই এলাকার মৃত শামসুল আলমের মেয়ে সুমি আক্তার (৩৫) ও সুধীর বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৪০)। সুমি বক্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর বিবিরহাট বাজারের এ এইচ শপিং কমপ্লেক্সে অবস্থিত ‘শাওন ভিশন ফটো অ্যান্ড ফিল্ম’ নামের একটি প্রতিষ্ঠানে ‘শেখ হাসিনা আসবে’ শিরোনামে পোস্টার ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরির কাজ চলছিল। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে এক নারী এবং কম্পিউটার প্রতিষ্ঠানের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।