logo

ঝিনাইদহে স্লোগান দিয়ে কথিত মাদক কারবারির বাড়িতে হামলা

ঝিনাইদহে স্লোগান দিয়ে কথিত মাদক কারবারির বাড়িতে হামলা
মাদকের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে অবস্থান। ছবি: এশিয়া পোস্ট

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কাশীপুর গ্রামে বিভিন্ন স্লোগান দিয়ে কথিত মাদক কারবারির বাড়িতে হামলা চালিয়েছেন শতাধিক ব্যক্তি। বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাশীপুর গ্রামের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। তারা ‘মাদক বেচা বন্ধ কর, যুব সমাজ রক্ষা করসহ’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মাদক কারবারে জড়িত বলে অভিযোগ থাকা কয়েকজনকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে মাদক কারবার বন্ধের জন্য হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় মিজান নামে কথিত এক মাদক কারবারি বাড়িতে হামলা চালান তারা।

কাশীপুর গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম রেজা বলেন, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। কালীগঞ্জের প্রতিটি এলাকা মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন শুরু করতে হবে।

তিনি বলেন, আজ মাদক বিক্রির সঙ্গে জড়িতদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে মাদক বেচাকেনা হলে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে এলাকা থেকে উচ্ছেদ করা হবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় নেওয়া হবে।