কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুজনকে গুলি করে স্বর্ণ ছিনতাই

ঢাকার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ী ও তার ফুপাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হযরতপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকার অন্তর সরকার (২৫) ও তার ফুপাতো ভাই রাজিব সরকার (২০)। তাদের দুজনেরই পায়ে গুলি লেগেছে।
আহত অন্তর সরকার জানান, হযরতপুর বাজারে তাদের একটি জুয়েলারি দোকান রয়েছে। প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তার বাবা মিতাই সরকার ও রাজিব সরকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে একটি অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে রাত সাড়ে ৭টার দিকে হযরতপুর এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁদের অটোরিকশার গতিরোধ করে।
তিনি বলেন, কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে তিনি ও রাজিব গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা স্বর্ণালংকার রাখা একটি টিফিনবাক্স ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই বাক্সে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল বলে দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল ত্যাগের সময় দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরপর কয়েকটি বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
