logo

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিজের জীবন দিলেন সোহাগ

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিজের জীবন দিলেন সোহাগ
মো. সোহাগ ও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ঘর। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিবেশীর ঘরের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া মো. সোহাগ (৪৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১০ অক্টোবর) ঢাকার একটি বার্ন ইউনিটে সাত দিন পর চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

গত ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুয়াই গ্রামের সুলতান চকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ ওই বাড়ির মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর সোহাগের দূরসম্পর্কের চাচাতো ভাই সালাউদ্দিনের বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির ছয়টি ঘরে। আগুন দেখে অন্যদের সঙ্গে তা নেভাতে এগিয়ে যান সোহাগ। একপর্যায়ে সালাউদ্দিনের ঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করতে গিয়ে দগ্ধ হন তিনি। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আজগর হোসেন সহেল বলেন, সোহাগ বেকার ছিলেন। তিনি খুব অসহায় ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার ফায়ার ফাইটার নোমান হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেদিন ছয়টি ঘর পুড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে সোহাগও অন্যদের সঙ্গে নেভানোর কাজে অংশ নেন। একপর্যায়ে একটি ঘর থেকে আসবাবপত্র বের করতে গিয়ে তিনি দগ্ধ হন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়েছে বলে তার স্বজনেরা জানান। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে আবেদন করেছেন। এ জন্য সোনাইমুড়ী থানা থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সময় একটি ঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করতে গিয়ে সোহাগ দগ্ধ হন।