নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল আইসক্রিম, দেড় লাখ টাকা জরিমানা

ফেনীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের অপরাধে ‘ডলফি আইসক্রীম’ নামের একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে নানা অনিয়মের কারণে ‘সনি আইসক্রীম’ নামের অপর একটি কারখানাকে সতর্ক করে ত্রুটি সমাধানের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেনী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় অবস্থিত ‘ডলফি আইসক্রীম’ ও ‘সনি আইসক্রীম’ কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া খাবারে অননুমোদিত ও ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছিল। মঙ্গলবার দুপুরে পরিচালিত অভিযানে এসব গুরুতর অসংগতি ধরা পড়ে। একই সঙ্গে নিরাপদ খাদ্য আইন-২০১৩ লঙ্ঘন করে খাদ্য প্রস্তুত করা, কর্মরত কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি পরিলক্ষিত হয়।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ‘ডলফি আইসক্রীম’ ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অন্যদিকে, ‘সনি আইসক্রীম’ কারখানায় দেখা দেওয়া যাবতীয় অনিয়ম দ্রুত সময়ের মধ্যে সমাধানের নির্দেশ দিয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফেনী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সদর স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুর রহমান, ফেনী পৌরসভার স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক কৃষ্ণময় বণিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার জানান, খাদ্যের গুণগত মান ঠিক রেখে সরকারি আইন ও বিধি অনুসরণপূর্বক নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
