পুলিশের গতিবিধি দেখতে সড়কে সিসি ক্যামেরা, আড়ালে মাদকের কারবার

পাকা সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটি। সেই খুঁটিতে লাগানো রয়েছে দুটি সিসি ক্যামেরা। ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও চলাচল। আর এই নজরদারির আড়ালে কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় বছরের পর বছর ধরে ইয়াবা, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্যের কারবার চলার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সাংবাদিক পরিচয় ব্যবহার করে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মাদক কারবার নিয়ন্ত্রণ করছেন যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে সোহেল রানা (৩২)। তার বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বছরে দুই-তিনবার কারাগারে গেলেও জামিনে মুক্ত হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন তিনি। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের পাশাপাশি বাড়ছে পারিবারিক অশান্তি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সোহেল রানার বাড়িতে অভিযান চালায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ সার্কেল) একটি দল। তবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযানের খবর পেয়ে পালিয়ে যান সোহেল। এ সময় তার বাড়ি থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তার স্ত্রী স্মৃতি খাতুনকে (৩০) গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় মাদক বিক্রির প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা।
পরে সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ভাষ্য, সোহেল রানা কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক লালন কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি পরিচয় ব্যবহার করে মাদক কারবার চালিয়ে আসছেন। তার ব্যবহৃত প্রাইভেটকার ও মোটরসাইকেলে পত্রিকাটির স্টিকার লাগানো রয়েছে। নিজ বাড়িতেই খুলেছেন পত্রিকার আঞ্চলিক কার্যালয়। এ ছাড়া তিনি উপজেলা প্রেসক্লাব কুমারখালীর সদস্য।
খোঁজ নিয়ে জানা গেছে, একসময় কাঠের করাতকলের শ্রমিক হিসেবে কাজ করতেন সোহেল। পরে মাদক কারবারে জড়িয়ে পড়লে আদালত তাকে কারাদণ্ড দেন। ২০১৯ সালে তৎকালীন সরকার সোহেলসহ কুষ্টিয়ার ২২২ জন মাদক ব্যবসায়ীকে শর্তসাপেক্ষে সাধারণ ক্ষমা করে।
তবে স্থানীয়দের অভিযোগ, সেই সুযোগের অপব্যবহার করে সাংবাদিকতায় যুক্ত হন সোহেল। এরপর সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক কারবারের নেটওয়ার্ক আরও বিস্তৃত করেন।
স্থানীয়দের দাবি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে মাদক কারবার নিয়ন্ত্রণ করেন সোহেল। ফলে বারবার অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না মাদকের কারবার।
সরেজমিনে দেখা যায়, কুমারখালী-পান্টি সড়কের যদুবয়রা জয়বাংলা বাজার এলাকায় সোহেল রানার বাড়ি। বাড়ির প্রবেশপথে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে লাগানো রয়েছে দুটি সিসিটিভি ক্যামেরা। আধাপাকা বাড়িটির গেট ভেতর থেকে আটকানো। ডাকাডাকি করেও অভিযুক্ত সোহেল রানার সন্ধান পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে তার কয়েকজন প্রতিবেশী বলেন, একসময় সোহেল ভাতের জন্য হোটেলে কাজ করতেন। এখন মাদক কারবার করে বড়লোক হয়েছেন। সাংবাদিক পরিচয়ের কারণে ভয়ে কেউ প্রতিবাদ করেন না। প্রশাসনের লোকজন যাতায়াত করলেও তার মাদক কারবার বন্ধ হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, সন্ধ্যার পর থেকে সারা রাত বিভিন্ন বয়সি মানুষ সোহেলের বাড়িতে যাতায়াত করেন। সেখানে মাদক কেনাবেচা হয়। এতে যুবসমাজ ধ্বংস হচ্ছে। দেশ ও সমাজকে রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও দৈনিক লালন কণ্ঠ পত্রিকার সম্পাদক আনারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সিসিটিভি ক্যামেরার কারণে অভিযানের খবর পেয়ে সোহেল পালিয়ে যান। তার বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে। স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা পেলে সিসিটিভিসহ মাদক কারবার নির্মূল করা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলাম বলেন, বিষয়টি তিনি একজন সাংবাদিকের মাধ্যমে জেনেছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


