শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মিষ্টি কুমড়া চাষে বাজিমাত আক্কাসের

শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনের পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম আর আত্মবিশ্বাসকে পুঁজি করে কৃষিতে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. আক্কাস খান। চিয়া সিডের মতো সুপারফুড চাষ করে পরিচিতি পাওয়ার পর এবার মিষ্টি কুমড়া চাষেও পেয়েছেন অভাবনীয় সাফল্য। তার এই অর্জন এখন স্থানীয় অন্যান্য কৃষক ও তরুণদের জন্য অনুপ্রেরণা।
মাগুরা সদর উপজেলার ইছাখাদা ইউনিয়নের নালিয়াডাংগী গ্রামের বাসিন্দা মো. আওয়াল খানের ছোট ছেলে আক্কাস খান। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও তিনি থেমে যাননি; বরং প্রতিকূলতাকে জয় করে কৃষিকাজকেই বেছে নেন জীবনের প্রধান অবলম্বন হিসেবে। পরিবারের সচ্ছলতা ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামেন তিনি। চিয়া সিড বা সুপারফুড চাষে সফলতার ধারাবাহিকতায় এবার ১৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেছেন।
অনুকূল আবহাওয়া এবং নিয়মিত পরিচর্যায় এবার আক্কাস খানের ক্ষেতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় উৎপাদন খরচ বাদ দিয়ে বেশ লাভের মুখ দেখছেন এই সংগ্রামী কৃষক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর তার ১৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে প্রায় ৩৬০ মণ। প্রতি মণ এক হাজার টাকা দরে বিক্রি করলে তার মোট আয় দাঁড়াবে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। এতে উৎপাদন খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। খরচ বাদে সম্ভাব্য লাভ প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
আক্কাস খানের বাবা মো. আওয়াল খান বলেন, আমি একসময় হতাশায় ভেঙে পড়েছিলাম; কিন্তু আমার সেই প্রতিবন্ধী ছেলে আজ সফল কৃষক হয়ে দাঁড়িয়েছে এবং বর্তমানে তিনিই আমাদের পরিবার ও সংসার চালিয়ে নিচ্ছেন।
কৃষি উদ্যোক্তা মো. আক্কাস খান বলেন, প্রতিকূল আবহাওয়াকে চ্যালেঞ্জ করে কৃষিকাজ করতে হয়। আমি চেষ্টা করছি প্রতিটি কৃষি মৌসুমে ধান, পাট, পেঁয়াজ, কুমড়া ও চিয়া সিড উৎপাদন করতে। এ বছর ১৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছি। আশা করছি খরচ বাদ দিয়ে ভালো লাভ হবে। আগামী মৌসুমে আবারও চিয়া সিড চাষ করার সিদ্ধান্ত নিয়েছি।
নিজের শ্রম, মেধা ও কৃষির প্রতি ভালোবাসা দিয়ে তিনি দেখিয়েছেন, ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতার মধ্যেও সফল হওয়া সম্ভব। তার এই সাফল্য শুধু নিজের স্বাবলম্বিতা অর্জনেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অন্য প্রতিবন্ধী ব্যক্তি ও বেকার যুবকদের জন্যও তৈরি করেছে নতুন সম্ভাবনার বার্তা।
কৃষি কর্মকর্তা মো. নূর-এ নবী বলেন, শারীরিক সীমাবদ্ধতা তার স্বপ্নকে আটকে রাখতে পারেনি। চিয়া সিডসহ কৃষির নানা খাতে তার পদচারণ রয়েছে। এ বছর কুমড়া চাষে তিনি ব্যাপক সফলতা পেয়েছেন। এই সাফল্যের পেছনে কৃষি অফিস নিয়মিত তদারকি ও সার্বিক সহযোগিতা করছে। তার সাফল্য দেখে এলাকার অনেকেই এখন মিষ্টি কুমড়াসহ অন্যান্য সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। স্থানীয়দের কাছে তিনি এখন পরিশ্রম ও আত্মমর্যাদার প্রতীক। প্রতিবন্ধকতা নয়, মানুষের সবচেয়ে বড় শক্তি তার অদম্য মনোবল আক্কাসের সাফল্য সেই কথারই বাস্তব উদাহরণ।
মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মানুষের সাফল্যের পথে বাধা হতে পারে না তার উজ্জ্বল দৃষ্টান্ত কৃষক আক্কাস। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি মিষ্টি কুমড়া চাষ করে যে সাফল্য অর্জন করেছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। তার এই উদ্যোগ প্রমাণ করে, কৃষিকাজে আন্তরিকতা, পরিশ্রম ও সঠিক পরিকল্পনা থাকলে প্রতিবন্ধকতাকেও জয় করা সম্ভব। আক্কাসের মতো কৃষকদের পাশে কৃষি বিভাগ সব সময় রয়েছে।

