খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিষিদ্ধ আ.লীগ নেতা নিহত

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল হালিম নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল হালিম কার্যক্রম নিষিদ্ধ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে চার রাউন্ড গুলি করে। দুটি গুলি মাথায়, একটি বুকে এবং আরেকটি চোখের কোণে লাগে। মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এর আগে, এদিন দুপুরে লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনা ঘটে। এরপর বিকেল সোয়া ৪টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার কাছাকাছি পালংকি রেস্তোরাঁয় গুলি চালায় দুর্বৃত্তরা। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া স্লুইস গেট এলাকায় একটি চায়ের দোকান লক্ষ্য করেও গুলির ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।


