Advertisement

ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তির গলা কেটে হত্যাচেষ্টা

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
ঘরে ঢুকে ঘুমন্ত ব্যক্তির গলা কেটে হত্যাচেষ্টা
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় সালেহ আহমেদ (৫০) নামের এক ব্যক্তির গলাকাটার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন।

সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সালেহ আহমেদ ওই এলাকার মৃত সিরাজুল হকের ছেলে। তিনি পেশায় স-মিলের মিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সালেহ আহমেদের গলায় আঘাত করেন। এতে তার গলায় গুরুতর জখম হয়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পরিবারের সদস্যদের দাবি, রাতে একজন চোর ঘরে ঢুকে সালেহ আহমেদকে গলা কেটে হত্যার চেষ্টা করে। তবে ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি। এ কারণে ঘটনাটি নিয়ে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম দোলন বলেন, আমি জেলা শহর মাইজদীতে ছিলাম। এখন ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল থেকে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিষয় :