ঘরের সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের

নাটোরের লালপুরে অনলাইন জুয়া পরিচালনা, বেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে একজন ঘরের সিলিংয়ের ওপর লুকিয়েও শেষ রক্ষা পাননি।
বুধবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার মমিনপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মারুফ আলী ওরফে সিজান এবং মহোরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রাসেম ইসলামের ছেলে ইমন ইসলাম। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা-পুলিশের একটি দল উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রামের পলাশ আহমেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় টিনশেড বাড়ির একটি ঘরে তল্লাশি চালিয়ে সিলিংয়ের ওপর লুকিয়ে থাকা অবস্থায় মারুফ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে অন্য একটি ঘর থেকে ইমন ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন এবং জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
