Advertisement

বগুড়ায় মঙ্গলবার থেকে চালু হচ্ছে গোলাপি রঙের ‘মহিলা বাস সার্ভিস’

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় মঙ্গলবার থেকে চালু হচ্ছে গোলাপি রঙের ‘মহিলা বাস সার্ভিস’
গোলাপি রঙের নারী বাস সার্ভিস। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বগুড়ার সড়কে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস। শুধু নারীদের জন্য নির্ধারিত এসব বাসের রং হবে গোলাপি।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে শেরপুর-মাটিডালি রুটে চলবে দুটি বাস।

এই বাস সার্ভিসে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে থাকছেন নারী চালক ও নারী কন্ডাক্টার। গোলাপি রঙের এসব বাসের গায়ে লেখা থাকবে ‘মহিলা বাস সার্ভিস’।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ সেবা চালু করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিসি।

‘মহিলা বাস সার্ভিস’ পরিচালনা কার্যক্রমের উদ্বোধন মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একই সময়ে বগুড়াসহ সংশ্লিষ্ট এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাস চলাচলের উদ্বোধন করা হবে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঁইয়া এশিয়া পোস্টকে জানান, নারীদের জন্য চালু হওয়া বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টার হিসেবে নারী কর্মীরাই দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাসসহ আরও চারটি বাস এই সেবার সঙ্গে যুক্ত হবে।

বগুড়ায় উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে বিআরটিসির কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, মঙ্গলবার সকালে বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

বিআরটিসি সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে পরীক্ষামূলকভাবে দেশে প্রথম নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। পরে ২০০১ সালে ঢাকা ও আশপাশের এলাকায় এ সেবা সম্প্রসারণ করা হয়। বিভিন্ন সময়ে বন্ধ ও পুনরায় চালুর উদ্যোগের পর ২০২২ সালের অক্টোবরে নারীদের জন্য বিশেষ এই পরিবহনসেবা বন্ধ হয়ে যায়।