logo

বিএনপির ধাওয়ায় মশাল ও ককটেল ফেলে পালাল আ.লীগের নেতাকর্মীরা

বিএনপির ধাওয়ায় মশাল ও ককটেল ফেলে পালাল আ.লীগের নেতাকর্মীরা
বগুড়ায় বিএনপির ধাওয়ায় মশাল ফেলে পালাল আ.লীগের নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ায় মশাল ও ককটেল ফেলে পালিয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পালানোর সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। পরে ঘটনাস্থল থেকে আটটি জ্বলন্ত মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী রনবাঘা বাইপাস এলাকার একটি সড়কে মশালমিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে যান। এ সময় তারা মিছিলকারীদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মশাল ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটটি জ্বলন্ত মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। নাশকতার উদ্দেশ্যে তারা মিছিল বের করেছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।