logo

৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান।ছবি: সংগৃহীত

আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এদিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফরে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি বড় অবকাঠামো প্রকল্পের কাজের সূচনা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

Advertisement

অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। এ সময় নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

তিনি আরও জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও শুরু করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ সড়ক প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।

মীর শাহে আলম বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ। নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।