logo

লক্ষ্মীপুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

লক্ষ্মীপুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু
রায়পুর থানা। ছবি : এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে ডেকোরেশনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরপাতা ইউনিয়নের গোপাল গিরিধারী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম কাদিরা গ্রামের কৃষক সুলজন খানের ছেলে। তিনি গত দুই বছর ধরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের একটি ডেকোরেটর দোকানে কাজ করছিলেন।

স্থানীয় ও মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার সন্ধ্যায় মন্দিরে সাজসজ্জার কাজ করছিলেন কামাল। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহার ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া। এ সময় উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তপন চন্দ্র ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় এবং গোপাল গিরিধারী মন্দিরের সভাপতি সমীর কর্মকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, মন্দির এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকায় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত ৮টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রায়পুর উপজেলার ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা ও প্রস্তুতি তদারকি করছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে ইউএনও আজিজুন নাহার ও ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।