logo

তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর মরদেহ একদিন পর উদ্ধার

তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর মরদেহ একদিন পর উদ্ধার
তুরাগ নদের এই স্থানেই গোসল করতে গিয়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারায় দুই শিশু। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তুরাগ নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো আবু ইউনুস ও নীরব। তারা পরিবারের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকত এবং স্থানীয় একটি শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীতে তুরাগ নদের ওপর থাকা রেলওয়ে ব্রিজের নিচে ইউনুস ও নীরবসহ কয়েকজন শিশু গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নীরব পানিতে তলিয়ে যেতে থাকলে ইউনুস তাকে বাঁচানোর চেষ্টা করে। এতে দুজনই নদের তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

বুধবার সন্ধ্যায় স্থানীয়রা খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে পর্যাপ্ত আলোর অভাব ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে প্রথম দিনের মতো উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার তৎপরতা চালায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা রাসেল মামুন জানান, নদে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। অভিযানের একপর্যায়ে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে প্রথমে আবু ইউনুস এবং কিছু সময় পর প্রায় আধা কিলোমিটার দূর থেকে নীরবের মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, দুই শিশুর পরিবারের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।