টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে ১৬ ইউনিট, পথে আরও ২টি

গাজীপুরের টঙ্গীতে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে এবং পথে আরও ২টি ইউনিট আসছে বলে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় অতিরিক্ত ইউনিট পাঠানো হচ্ছে।
এদিকে ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ওষুধ কোম্পানির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
