নড়াইলে মাদকের চালানসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ শাশুড়ি ও তার জামাইকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সীমা বেগম (৩৮) ও তার মেয়ের জামাই মো. রাসেল শেখ (২১)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সীমা বেগম ও রাসেল শেখকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচুড়িয়া গ্রামের মো. ইউসুফ শেখের বসতঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেপ্তার দুইজনকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামিদের আদালতে পাঠানো হবে।



