logo

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত
নিহত মহিন উদ্দিন। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী শ্রমিক মহিন উদ্দিন মারা গেছেন।

শুক্রবার (২২ মে) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শনিবার আবুধাবি মহাসড়কের রেজিন এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন।

মহিন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আবদুল লতিফ ড্রাইভার বাড়ির বাসিন্দা। তার এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।

তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন। শৈশবে বাবাকে হারানো মহিন উদ্দিন পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে দীর্ঘদিন প্রবাসে সংগ্রাম করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৪ বছর ধরে জীবিকা নির্বাহের জন্য সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাস করছিলেন মহিন উদ্দিন। তিনি সেখানে একটি নির্মাণ কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

গত শনিবার আবুধাবির বানিয়াস এলাকা থেকে রেজিন এলাকায় কোম্পানির একটি সাইটে যাওয়ার সময় তার গাড়িকে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। তাকে স্থানীয় আল-আইনের শেখ তানুন হাসপাতালে ভর্তি করা হয়।

মহিন উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তার বলেন, আমাদের পরিবারের সাত-আটজনের ভরণপোষণ চলত স্বামীর উপার্জনে। স্বামীকে হারিয়ে আমরা এখন দিশাহারা। স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

চরকাঁকড়া ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, মহিন উদ্দিন অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র একজন মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করছি।

নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রবাসে মৃত্যু হলে লাশ দেশে আনতে কিছুটা সময় লাগে। প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়। সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।