logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নেত্রকোনার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নেত্রকোনার সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
ভুক্তভোগী সাগর আহম্মেদ। ছবি: এশিয়া পোস্ট

নেত্রকোনার পূর্বধলায় সংবাদ সংগ্রহকালে মো. সাগর আহম্মেদ নামে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৩৬) নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে।

এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে পূর্বধলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

Advertisement

জিডির বিষয়টি জানতে পেরে রোববার (২২ নভেম্বর) রাতে ওই সাংবাদিকের ওপর হামলা চালায় অভিযুক্ত জহিরুল ইসলাম।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জিডি ও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী সাগর আহম্মেদ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জবাবদিহি পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি। পাশাপাশি তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুধি বাজারে সাগর আয়রন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

জিডির আবেদনে সাগর আহম্মেদ উল্লেখ করেন, শনিবার দুপুরে তথ্য সংগ্রহের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আগিয়া বাজারে একটি চায়ের দোকানে বসেন। সেখানে কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার পাশাপাশি মোবাইল ফোনে দেশের খবরাখবর দেখছিলেন। এ সময় তাদের কথোপকথন শুনে পাশ থেকে উঠে এসে জহিরুল ইসলাম তার সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। কারণ জানতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি ও মামলা-হামলার ভয়ভীতি দেখান জহিরুল।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে জহিরুল তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নেন এবং সাংবাদিকতা কীভাবে করেন, তা দেখে নেওয়ার হুমকি দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত পান তিনি।

জিডিতে সাগর আহম্মেদ আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তির হুমকির কারণে তার ব্যক্তিগত জীবন, সাংবাদিকতা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ভবিষ্যতে নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন, ওইদিন সাগর বাজারে বসে নড়াইলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ভুয়া তথ্য স্থানীয় লোকজনকে জানাচ্ছিলেন। নিজের মোবাইলে দেখে দেখে এসব তথ্য মানুষকে জানাচ্ছিলেন। এমন ভুয়া তথ্য ছড়ানোতে আমাদের দলের বদনাম হচ্ছে। তাই তাকে এমন তথ্য না ছড়াতে বলি। এতে সাগর আমার ওপর ক্ষিপ্ত হয়। পরে দুজন দুজনের দিকে ক্ষিপ্ত হয়ে এগিয়ে যাই, তবে উপস্থিত লোকজন আমাদের থামিয়ে দেয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।