logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের ৭৭৩ হেক্টর জমির ফসল আক্রান্ত

টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের ৭৭৩ হেক্টর জমির ফসল আক্রান্ত
টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের ৭৭৩ হেক্টর জমির ফসল আক্রান্ত। ছবি: এশিয়া পোস্ট

ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমন ধান, পেঁয়াজ এবং শীতকালীন শাকসবজিসহ বিভিন্ন ফসলের খেত ডুবে গেছে। এতে জেলার মোট ৭৭৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। প্রকৃতির এমন আকস্মিক বিপর্যয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া কৃষকরা।

কৃষকরা জানান, কয়েক দিন আগেও জেলার নাচোল, গোমস্তাপুর, শিবগঞ্জ, ভোলাহাট ও সদর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সোনালি আমন ধানের সমারোহ ছিল। কৃষকরা ব্যস্ত ছিলেন ধান কাটায়। কিন্তু এক রাতের টানা বৃষ্টিতে সেই স্বপ্ন মলিন হয়ে গেছে। মাঠের পর মাঠ পাকা ধান পানিতে তলিয়ে গেছে। কোথাও কেটে রাখা ধান ভিজে কাদামাটির সঙ্গে মিশে গেছে, আবার কোথাও দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় ধানে পচন ও অঙ্কুরোদ্গম শুরু হয়েছে। এ ছাড়া গবাদিপশুর প্রধান খাদ্য খড় পচে নষ্ট হওয়া এবং নতুন করে গোখাদ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কাও করছেন চাষিরা।

Advertisement

কৃষি বিভাগ ও মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, জেলার গোমস্তাপুর উপজেলাতেই সবচেয়ে বেশি ৬৪২ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে রোপা আমন ৪৭০ হেক্টর, সরিষা ৮০ হেক্টর, গ্রীষ্মকালীন পেঁয়াজ ৪০ হেক্টর, টমেটো ১৫ হেক্টর, ফুলকপি ও পাতাকপি ২০ হেক্টর, অন্যান্য শাকসবজি ১৫ হেক্টর, শীতকালীন পেঁয়াজের বীজতলা ১ হেক্টর এবং স্ট্রবেরি ০.৫ হেক্টর জমি বৃষ্টির পানিতে ডুবে আক্রান্ত হয়েছে।

গোমস্তাপুর উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষক রহিম উদ্দিন বলেন, ছয় মাস ধরে অনেক কষ্ট করে ধান বুনেছিলেন। পাকা ধান কেটে ঘরে তোলার আশায় ছিলেন। কিন্তু গত তিন দিনের টানা বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। জমিতে পানি জমে কাটা ধান প্রায় ডুবে গেছে, অনেক ধানে পচন ধরেছে।

শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকার আরেক কৃষক আব্দুল মালেক জানান, এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে ধানের আবাদ করেছিলেন। ঋণের টাকা পরিশোধ আর পরিবারের খোরাকি জোগাড় করার একমাত্র মাধ্যম ছিল এই আমন ধান। কিন্তু বৃষ্টির পানিতে সব তলিয়ে যাওয়ায় এখন সার, বীজ ও শ্রমিকের বাড়তি খরচ কীভাবে তুলবেন, তা নিয়ে গভীর দুশ্চিন্তায় আছেন তিনি।

আরেক কৃষক রফিকুল ইসলাম জানান, সরিষা ও পেঁয়াজের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে বীজ কিনে আবার বুনতে হবে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ধান। চলতি মৌসুমে জেলায় ৫৩ হাজার ৯০৫ হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছিল। ইতিমধ্যে জেলার ২০ শতাংশ ধান কাটা হয়েছে, তবে বাকি ৮০ শতাংশ ধান এখনো মাঠে রয়েছে। জেলায় ধান, পেঁয়াজ ও শীতকালীন সবজিসহ প্রায় ৭৭৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।

তিনি আরও জানান, মাঠের ফসল আক্রান্ত হয়েছে ঠিকই, তবে দ্রুত জমি থেকে জমে থাকা বৃষ্টির পানি নেমে গেলে কৃষকদের ক্ষতির পরিমাণ কিছুটা কম হবে। এই সংকট মোকাবিলায় মাঠপর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। কৃষকদের নিজ নিজ জমি থেকে দ্রুত পানি নিষ্কাশন ও ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।