বিটিসিএলের কেবল চুরি, তিন উপজেলায় টেলিফোন সেবা বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনেজ নির্মাণকাজের জন্য মাটি খননের সুযোগ নিয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রায় ১০০ মিটার কেবল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে পৌরসভার ওয়ালটন মোড়সংলগ্ন ড্রেনেজ কাজের এলাকা থেকে একটি অপটিক্যাল ফাইবার ও দুটি কপার কেবল চুরির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জেলার তিনটি উপজেলার সব সরকারি দপ্তরসহ জেলা শহরের নেসকো, বিজিবি, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, হর্টিকালচার, রেশম উন্নয়ন বোর্ড, পশু হাসপাতাল, জেলা পরিষদ, পরিবেশ অধিদপ্তর, বিসিক ও নির্বাচন অফিসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের টেলিফোন সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিটিসিএলের ইন্টারনেট সেবা প্রকল্প ‘জিপন’-এর সংযোগেও চরম বিঘ্ন ঘটছে।
বিটিসিএল সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুর্বৃত্তরা মাটি খুঁড়ে রাখা ড্রেনেজ এলাকা থেকে প্রায় ৫০ মিটার অপটিক্যাল ফাইবার এবং ৫০ মিটার কপার কেবল কেটে নিয়ে যায়। এর মাত্র ১৫ দিন আগেও শহরের পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে প্রায় ৩০ মিটার কেবল চুরির ঘটনা ঘটেছিল। পরপর এমন চুরির ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
চাঁপাইনবাবগঞ্জ বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক (টেলিকম) মো. আব্দুল কাদের বলেন, ক্যাবল চুরির কারণে জেলার তিনটি উপজেলার সব সরকারি দপ্তরের টেলিফোন সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। এ ছাড়া জেলা শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও এই সেবা ব্যাহত হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে দ্রুত সংযোগ ফিরিয়ে দিতে আমাদের কর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন।
এদিকে চুরির খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ ঘটনাস্থলে পুলিশ পাঠান। তিনি বলেন, পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।





