জরাজীর্ণ ঘরে বেতন ছাড়াই ১২০ শিশুর স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন পাঁচ শিক্ষক

মাটির দেয়াল আর মরিচা ধরা টিনের চালের নিচে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে কোমলমতি শিশুদের পাঠগ্রহণ। তৃষ্ণা পেলে জোটে না নিরাপদ পানি, বাধ্য হয়ে পান করতে হয় জমি সেচের ড্রেনের পানি। এমন চরম প্রতিকূলতা ও জরাজীর্ণতার মাঝেও ১৮ বছর ধরে বেতন-ভাতা ছাড়াই স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন পাঁচজন শিক্ষক।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮৫ সালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামে ‘বড়াইল মিশন স্কুল’ নামে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিদেশি মিশনারিরা চলে গেলে আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় এর শিক্ষা কার্যক্রম। দীর্ঘ দুই দশকের বেশি সময় অন্ধকারে থাকার পর ২০০৮ সালে স্থানীয়দের উদ্যোগে ‘বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে এটি নতুন করে প্রাণ ফিরে পায়।

বর্তমানে বিদ্যালয়টিতে বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করছে প্রায় ১২০ জন শিশু। যে বড়াইল গ্রামে বিদ্যালয়টি অবস্থিত, তার চারপাশজুড়েই বসবাস আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের। এখানকার মানুষের জীবনযাত্রার মান বেশ নিম্ন। অধিকাংশ পরিবারই দিনমজুর এবং আর্থিকভাবে চরম অসচ্ছল। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের প্রাথমিক শিক্ষার একমাত্র ভরসা প্রতিষ্ঠানটি। আশপাশের অন্তত সাত-আটটি গ্রামের শিশুরা এখানে পড়তে আসে। বিদ্যালয়টির প্রায় পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিকল্প কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।
স্থানীয়রা জানান, শুধু বিদ্যালয়ের অবকাঠামোই নয়, এখানকার দৈনন্দিন চলাচলও বেশ কষ্টের। যাতায়াতের কাঁচা রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে। ফলে ইচ্ছা থাকলেও অনেক সময় নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারে না শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ছোট্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তাদের কষ্টের চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে।
শিক্ষার্থীরা জানায়, সারাক্ষণ তাদের মনে তাড়া করে এক ধরনের আতঙ্ক। একটু বৃষ্টি হলেই ছাদের ছিদ্র দিয়ে টপটপ করে পানি পড়ে। ভিজে যায় খাতা-বই, নষ্ট হয় পড়ার পরিবেশ। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় একাধিক শ্রেণির শিশুদের গাদাগাদি করে বসতে হয় একই ছাদের নিচে। সবচেয়ে বড় দুর্ভোগ বিশুদ্ধ পানির অভাব। প্রচণ্ড গরমে গলা শুকিয়ে এলে তৃষ্ণা মেটাতে তাদের ভরসা করতে হয় জমিতে সেচ দেওয়ার ড্রেনের পানি। বিশুদ্ধ পানির অভাবে প্রায়ই পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হয় তারা।
প্রধান শিক্ষক প্রণব কুমার বর্মন জানান, কোনো ধরনের সরকারি অনুদান বা বেতন-ভাতা ছাড়াই শিশুদের অন্ধকারের হাত থেকে বাঁচাতে তারা পাঁচজন শিক্ষক স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত জরাজীর্ণ ঘর ও শিক্ষা উপকরণের অভাব নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পেলে এবং অবকাঠামোগত উন্নয়ন হলে এই অবহেলিত জনপদের শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই কষ্ট লাঘব হবে। পাশাপাশি শিক্ষার মানও বহুগুণ বেড়ে যাবে।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর জানান, বিদ্যালয়টির করুণ দশার বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত শিক্ষার্থীদের নিরাপদ পানি সরবরাহ এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি দেখা হয়েছে। জরাজীর্ণ ভবন ও নিরাপদ পানির সংকটের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি নীতিমালা ও বিধিবিধানের আলোকে বিদ্যালয়টির সরকারি স্বীকৃতি এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
