logo

চাঁপাইনবাবগঞ্জ/এক মাসের ব্যবধানে বাড়ল ১৫ পণ্যের দাম

এক মাসের ব্যবধানে বাড়ল ১৫ পণ্যের দাম
চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেট সবজি বাজার। ছবি: এশিয়া পোস্ট

শীতকালীন সবজিতে বাজারে কিছুটা স্বস্তি মিললেও চাল, ডাল ও আমিষের ঊর্ধ্বমুখী দামে চরম বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ। কৃষি বিপণন অধিদপ্তরের গত ১৩ অক্টোবর ও ১২ নভেম্বরের দৈনিক বাজারদরের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, এক মাসের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে অন্তত ১৫টি পণ্যের দাম বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৩ অক্টোবরের তুলনায় ১২ নভেম্বর পাইকারি বাজারে বোরো-সরু ধানের দাম কুইন্টালপ্রতি ৩৭৫০-৩৮০০ টাকা থেকে বেড়ে ৩৮৮০-৪০২০ টাকায় ঠেকেছে। এ ছাড়া বোরো-মোটা ধানের দাম ৩০০০-৩০২০ টাকা থেকে বেড়ে ৩২৭০-৩২৯০ টাকা এবং আমন হাইব্রিড মোটা ধানের দাম ৩২৭০-৩২৯০ টাকা থেকে বেড়ে ৩৩৫০-৩৩৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ধানের এই বাড়তি দামের প্রভাব পড়েছে চালের বাজারেও। মোটা আমন চালের খুচরা দাম ৪৮-৫০ টাকা থেকে বেড়ে ৫২-৫৪ টাকা এবং পাইকারি দাম ৪৬০০-৪৭০০ টাকা থেকে বেড়ে ৪৯০০-৫০০০ টাকা হয়েছে। বোরো মাঝারি চালের খুচরা দামও কিছুটা বেড়ে ৫৮ থেকে ৬০ টাকায় দাঁড়িয়েছে।

রান্নার অপরিহার্য উপাদান ডালের বাজারেও গত এক মাসে দাম বেশ খানিকটা বেড়েছে। ভাঙা মাষকলাইয়ের খুচরা মূল্য ১৭৫-১৮০ টাকা থেকে বেড়ে ১৮০-১৮৫ টাকা হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ভাঙা ছোলার দাম। ১৩ অক্টোবর যা ১১৫ থেকে ১২০ টাকা ছিল, তা ১২ নভেম্বর বেড়ে ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারেও ছোলার দাম কুইন্টালপ্রতি ১১০০০-১১৫০০ টাকা থেকে বেড়ে ১২৪০০-১২৫০০ টাকায় পৌঁছেছে। পাশাপাশি আমদানিকৃত মটর ডাল ও খেসারি ডালের দামও খুচরা ও পাইকারি উভয় পর্যায়েই বেড়েছে।

আমিষের প্রধান উৎস মুরগির বাজারেও স্বস্তি মিলছে না। মাঝারি আকারের দেশি মুরগির খুচরা দাম এক মাস আগে ৪৭০ থেকে ৪৮০ টাকা থাকলেও ১২ নভেম্বর তা বেড়ে ৫২০ থেকে ৫৩০ টাকায় দাঁড়িয়েছে। পাইকারি বাজারে দেশি মুরগির দাম কুইন্টালপ্রতি ৪৫ হাজার থেকে ৪৬ হাজার টাকা থেকে একলাফে বেড়ে ৫০ হাজার থেকে ৫১ হাজার টাকায় উঠেছে।

সবজির বাজারে ব্যতিক্রমও রয়েছে। সাধারণত এ সময়ে সবজির দাম কমতির দিকে থাকলেও চালকুমড়ার দাম কিছুটা বেড়েছে। খুচরা বাজারে প্রতি পিস চালকুমড়ার দাম ২০-২৫ টাকা থেকে বেড়ে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা ও বিক্রেতাদের বক্তব্য

শহরের নিউ মার্কেট এলাকায় বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মো. রফিকুল ইসলাম আক্ষেপ করে বলেন, শীত আসছে শুনে ভেবেছিলেন সবজির পাশাপাশি অন্য পণ্যের দামও কিছুটা কমবে। কিন্তু উল্টো চাল, ডাল আর মুরগির দাম যেভাবে বাড়ছে, তাতে এসব পণ্য কেনা মুশকিল হয়ে গেছে। মাস শেষে সংসার চালানো এখন বেশ কষ্টকর।

পুরাতন বাজারের খুচরা চাল বিক্রেতা আব্দুর রহিম বলেন, পাইকারি বাজারেই ধানের দাম বেশি পড়ছে। এ কারণে তাদের বেশি দামে চাল কিনে বিক্রি করতে হচ্ছে। পাইকারিতে দাম না কমলে তাদের কিছু করার থাকে না।

বাজার করতে আসা গৃহিণী তানিয়া খাতুন বলেন, ছোলা ও ডালের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে পুষ্টিকর খাবার খাওয়া কঠিন হয়ে পড়েছে। বাজারের যে অবস্থা, তাতে মনে হচ্ছে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারি দরকার।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, শীতের আমেজ শুরু হওয়ায় কাঁচাবাজারে সাময়িক স্বস্তি মিললেও চাল, ডাল ও দেশি মুরগির মতো প্রধান খাদ্যপণ্যের দাম এভাবে ঊর্ধ্বমুখী থাকায় সীমিত আয়ের মানুষের মাসিক বাজেটে বড় ধরনের টান পড়ছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশ কিছু শাকসবজির দাম নিম্নমুখী রয়েছে। তবে কিছু খাদ্যশস্য, আমিষ ও ডালজাতীয় পণ্যের পাইকারি পর্যায়ে সরবরাহজনিত কারণে সামান্য ওঠানামা লক্ষ্য করা গেছে। বাজার নিয়ন্ত্রণে তাদের তদারকি অব্যাহত রয়েছে।

আকরাম হোসেন

সম্পাদনা

আকরাম হোসেন

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট