৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেল সাফারি পার্ক

গাজীপুর সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা পাঠানো হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এর বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে তিনটি পূর্ণবয়স্ক বাঘ। ইতোমধ্যে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। বাকি তিনটি জেব্রাও পর্যায়ক্রমে পাঠানো হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে পৌঁছায়। এর আগে বুধবার রাতে বিশেষ ব্যবস্থায় একটি ট্রাকে করে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পার্ক প্রতিষ্ঠার পর আমদানি করে বেশ কয়েকটি বাঘ আনা হয়েছিল। এরপর বিভিন্ন রোগে বাঘের মৃত্যু এবং নতুন বাঘশাবকের জন্ম হয়। পার্কের টাইগার বেষ্টনীতে থাকা বাঘগুলোর বয়সও বাড়ছিল। এ অবস্থায় পার্ক কর্তৃপক্ষ ও সরকার বাঘ আমদানির প্রস্তুতি নিচ্ছিল।
পরে পার্ক কর্তৃপক্ষ জানতে পারে, চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ থাকলেও তাদের কোনো জেব্রা নেই। অন্যদিকে, গাজীপুর সাফারি পার্কে অতিরিক্ত জেব্রা রয়েছে। এরপর গাজীপুর সাফারি পার্ক ও চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণী বিনিময়ের সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে বুধবার রাতে একটি ট্রাকে বিশেষ ব্যবস্থায় ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়। বিনিময়ে বৃহস্পতিবার একই ট্রাকে করে চট্টগ্রাম থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়।
তিনি আরও জানান, শুক্রবার ভোরে বিশেষ ব্যবস্থায় বাঘ তিনটি সাফারি পার্কে পৌঁছায়। পরে সেগুলো আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আসায় পার্কে দর্শনার্থীদের আনন্দ আরও বাড়বে। বাঘগুলো সুস্থ ও স্বাভাবিক রয়েছে এবং নিয়মিত খাবার খাচ্ছে। তিনটি বাঘ আসার পর সাফারি পার্কে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১০টিতে।
সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, দীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে এসে পৌঁছেছে। বাঘ তিনটি সম্পূর্ণ সুস্থ এবং সঠিক সময়ে খাবার খাচ্ছে। বর্তমানে বাঘ তিনটিকে বিশেষ যত্নে লালনপালন করা হচ্ছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। পাশাপাশি সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়া হবে। গত বুধবার তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, সাফারি পার্কে আনা তিনটি বাঘ কম বয়সী। এর মধ্যে দুটি নারী ও একটি পুরুষ বাঘ। বাঘ তিনটিকে আপাতত আলাদা বেষ্টনীতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে সাফারি পার্কের কোর সাফারিতে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য বাঘগুলো উন্মুক্ত করা হবে।