বিএনপি নেতার বাড়িসহ ৩ স্থানে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এক বিএনপি নেতার বাড়িসহ তিনটি স্থানে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে শহরের তিনটি স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহর পুরাতন বাজারস্থ বাসভবন লক্ষ্য করে একটি পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এরপর তারা দর্শনা শান্তিপাড়ায় বিএনপি নেতা হুমায়ুনের দোকানের সামনে এবং নাসিমের বাসার সামনে পরপর আরও দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাতেই ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ও অবিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।
এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহ বলেন, শনিবার গভীর রাতে ৬-৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমার বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাই আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে সকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এশিয়া পোস্টকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পৃথক ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে এগুলো বোমা নয়, চকলেট পটকা বলে ধারণা করা হচ্ছে। এলাকায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নাশকতা ঠেকাতে পুলিশের টহল ও তৎপরতা জোরদার করা হয়েছে।

