logo

বরগুনায় কমিউনিটি ক্লিনিকে আগুন

বরগুনায় কমিউনিটি ক্লিনিকে আগুন
গুদিঘাটা কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগ পুড়ে যাওয়া অংশ। ছবি: এশিয়া পোস্ট

বরগুনা সদর উপজেলার পূর্ব গুদিঘাটা এলাকায় গুদিঘাটা কমিউনিটি ক্লিনিকে অগ্নিসংযোগ ঘটেছে। শনিবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ক্লিনিকটিতে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২০ থেকে ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় এতে ক্লিনিকের সামনের দরজা ও একটি কক্ষের মালামাল পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Advertisement

ক্লিনিকের পরিচ্ছন্নতাকর্মী খাদিজা বেগম বলেন, স্থানীয়রা ফোন করে আগুন লাগার খবর দিলে তিনি ক্লিনিকে গিয়ে দেখেন, দরজার সামনে আগুন জ্বলছে। পরে দরজা খুলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান।

স্বাস্থ্য সহকারী হাসিনা বেগম জানান, তিনি রাত সাড়ে ১২টার দিকে ক্লিনিকে আগুন দেওয়ার খবর পান। পরে বিষয়টি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে (সিএইচসিপি) জানান। সকালে ক্লিনিকে গিয়ে দেখা যায়, সামনের দরজাটি পুড়ে গেছে। জানালার কাচ ভেঙে ভেতরের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। এতে কক্ষের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ক্লিনিকের দায়িত্বে থাকা সিএইচসিপি মাকসুদা মায়া বলেন, রাত ১২টা ১১ মিনিটের দিকে এলাকাবাসী ফোন করে অগ্নিসংযোগের খবর জানান। সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীকে ফোন করেন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় ২০ থেকে ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদ মুরশিদ শুভ বলেন, এর আগে ক্লিনিকটিতে দুবার চুরি হয়েছে। মাদকসেবী ও ছিঁচকে চোরেরা বিভিন্ন সময়ে ক্লিনিকের মালামাল চুরি করে বিক্রির টাকা দিয়ে মাদকসেবন করত বলে অভিযোগ রয়েছে। এবারের ঘটনাটি আগের চুরির সঙ্গে সংশ্লিষ্ট, নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় থানা-পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ এশিয়া পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হবে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ এশিয়া পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রাতেই পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত ও ঘটনার কারণ জানতে পুলিশের তদন্ত চলছে। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।