logo

হলতা নদীতে ভাসছিল জিহাদের লাশ

হলতা নদীতে ভাসছিল জিহাদের লাশ
হলতা নদীতে ভাসছিল লাশ ও জিহাদ। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর হলতা নদী থেকে মো. জিহাদ (১৩) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার আমুয়া উত্তরপাড় এলাকার আমুয়া ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ উপজেলার আমুয়া গ্রামের মো. সোহেল ব্যাপারীর ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) দুপুরে হলতা নদীতে গোসল করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার বিকেলে আমুয়া ব্রিজের নিচে হলতা নদীতে জিহাদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি জিহাদের বলে শনাক্ত করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।